কাহালুতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গুলিবিদ্ধ

 
বগুড়া-দুর্গাপুর সড়কের কাহালু উপজেলার মালঞ্চা ও গুড়বিশা বাস ষ্ট্যান্ডের মাঝামাঝি স্থানে মঙ্গলবার দিবাগত গভীর রাতে গাছ কেটে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের গুলিতে রুবেল (৩২) নামের এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন।
 
জানা গেছে, রাত দেড়টার দিকে মালঞ্চা ও গুড়বিশা বাস স্ট্যান্ডের মাঝামাঝি স্থানে একদল ডাকাত সড়কের পাশের একটি গাছ কেটে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় টহলরত পুলিশ টের পায়। পরে কাহালু থানার অফিসার ইনচার্জ নুর-এ-আলম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশ ডাকাতদের ধাওয়া করলে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পুলিশ নিজেদের আত্ম রক্ষার্থে ডাকাতদের ওপর ৬/৭ গুলি ছুড়লে ডাকাত রুবেলের ডান পায়ে গুলিবিদ্ধ হলে তিনি আহত অবস্থায় পুলিশের হাতে ধরা পড়েন। পুলিশ আহত রুবেলকে রাতেই বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশি পাহারায় রেখেছে। 
 
পুলিশের হাতে গ্রেফতার হওয়া আহত ডাকাত রুবেল বগুড়া জেলার কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ইউনিয়নের দেওগ্রাম পশ্চিমপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে বলে জানা যায়।
 
এছাড়া পুলিশ ডাকাত দলের ফেলে যাওয়া দেশীয় কিছু অস্ত্র উদ্ধার করেছে। বুধবার সকালে কাহালু থানার এসআই আবু হেলাল খবরের সত্যতা নিশ্চিত করেন। তবে এ ব্যাপরে এখনও থানায় কোনো মামলা হয়নি। 
 
 
ইত্তেফাক/কেকে