কোলে চড়ে পরীক্ষা কেন্দ্রে

ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা

শারীরিক প্রতিবন্ধকতার কাছে হার না মানা সাথী খাতুন ভাবীর কোলে চড়ে ভেড়ামারা কলেজ কেন্দ্রে এসে এইচএসসি পরীক্ষা দিচ্ছে। ভাবি রুনা খাতুনের কোলে চড়ে মঙ্গলবার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নেয় প্রতিবন্ধী সাথী।

ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর এলাকার শাহানুর ইসলামের মেয়ে সাথী খাতুন ভেড়ামারা আদর্শ কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষা দিচ্ছে।

মঙ্গলবার ভেড়ামারা কলেজ কেন্দ্রে প্রতিবন্ধী সাথী খাতুন বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শেষে ভাবির জন্য অপেক্ষা করছিল।

এ সময় সাথী বলে, আমার বাবা একজন দিনমজুর। তার পক্ষে আমাকে লেখাপড়া করানোসহ অন্যান্য চাহিদা পূরণ করানো সম্ভব না। অভাবের সংসারে আমি একজন প্রতিবন্ধী। হাঁটাচলা করতে পারি না। আমাকে ভাবীরা সবসময় সেবা যত্নসহ সার্বিক সহযোগিতা করে আসছে। ছোট বেলা থেকে ভাবি আমাকে স্কুল ও কলেজে নিয়ে আসে। আমি তাদের কাছে কতৃজ্ঞ। আজ আমি ভাবী রুনা খাতুনের কোলে করে এসে পরীক্ষায় অংশ নিয়েছি।

সীমা জানায়, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষে সে কম্পিউটার প্রশিক্ষণ নেবে এবং একটি সরকারি চাকরির জন্য চেষ্টা করবে। সুযোগ পেলে উচ্চ শিক্ষার দিকে অগ্রসর হওয়ার স্বপ্নও দেখে সীমা।

ভাবী রুনা খাতুন বলেন, তার এই অর্জনের পেছনে রয়েছে অদম্য ইচ্ছাশক্তি। আমি তাকে কোলে করে বাড়ি থেকে গোলাপনগর বাজারে নিয়ে আসি। এরপর অন্যকোন যানবাহনে করে ভেড়ামারা কলেজ নিয়ে আসি। ভেড়ামারা কলেজের সামনে থেকে সাথীকে কোলে করে তার নির্দিষ্ট সিটে বসিয়ে দিয়ে আসি। পরীক্ষা শেষ হলে আবার কোলে করে বাড়িতে নিয়ে যাই। এটা আমার অভ্যাস হয়ে গেছে। এখন আর অসুবিধা হয় না। সাথীকে সহযোগিতা করলে সে অনেক দূর এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস।