সাতক্ষীরার শ্যামনগরে অস্ত্রসহ সুন্দরবনের দুই বনদস্যুকে আটক করেছে পুলিশ। গত বুধবার ভোর রাতে গাবুরা ইউনিয়নে খোলপেটুয়া গ্রাম থেকে দুই বনদস্যুকে অস্ত্রসহ আটক করা হয়।
আটককৃতরা হলেন, শ্যামনগর উপজেলা গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামের আব্দুর রাজ্জাক মালির ছেলে বায়জিদ হোসেন (৩৪) ও চকবারা গ্রামের মহিউদ্দীন সরদারের ছেলে মুকুল সরদার (৩৫)।
থানা পুলিশের উপ-পরিদর্শক মঈনুল আহসান কবিরের নেতৃত্বে পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে তাদের বাড়ি থেকে অস্ত্র আটক করে। শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী বলেন, বায়জিদ ও মুকুল দুই বনদস্যু সুন্দরবনে ডাকাতি শেষে বাড়িতে অবস্থান করছে এ খবর নিশ্চিত হয়ে পুলিশ তাদের বাড়ি থেকে আটক করে। পরে উভয়ের স্বীকারোক্তি মতে বায়জিদের ঘর থেকে দেশি তৈরি দুটি পাইপগান জব্দ করা হয়। তাদের নামে থানায় কয়েকটি মামলা আছে।