ম্যাটস শিক্ষার্থীদের চারদফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বগুড়ায় মহাসড়ক অবরোধকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। এসময় ৯জনকে আটকও করেছে পুলিশ।
IMG0
বুধবার বেলা সাড়ে ১২টার দিকে শহরের তিনমাথা পুরান বগুড়া এলাকায় এই ঘটনা ঘটেছে। এর আগে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (বিডিএমএসএ) ব্যানারে চারদফা দাবিতে সকাল ১১টায় সাতমাথা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে থানা রোড প্রদক্ষিণ করে স্টেশন রোডের সামনে ২০-২৫ মিনিট সড়ক অবরোধ করে। পুলিশ তাদের বাধা দিলে মিছিলটি শহরের তিনমাথা পুরান বগুড়া রেল গেইট এলাকায় গিয়ে বগুড়া-ঢাকা মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে। সেখানেও পুলিশ বাধা দেয়। ফলে আন্দোলনকারীরা রেললাইনের পাশে বসে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। একপর্যায়ে পুলিশ লাঠি চার্জের কথা বললে আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়তে থাকে। পুলিশও তাদের উপর লাঠিচার্জ করে। লাঠিচার্জে ওই শিক্ষার্থীরা আহত হন।
IMG1
বগুড়ার সদর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম আলী জানান, আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ করে যান চলাচলে বাধা এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। এত কেউ আহত হয়নি। তবে তাদের ছোঁড়া ইট পাটকেলে কেউ আহত হতে পারে। গাড়ী ভাঙচুর সহ বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে ৯জনকে আটক করা হয়েছে।
ইত্তেফাক/জামান