সিরাজগঞ্জে খাদ্যে বিষক্রিয়ায় ডাক্তার-নার্সের মৃত্যু

 
দাওয়াত খাওয়ার পর খাদ্যে বিষক্রিয়ায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুজ্জামান (৪৫) ও জোবাইদা খাতুন (৩০) নামে এক নার্সের মৃত্যু হয়েছে।
 
মঙ্গলবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ ঘটনায় হেডক্লার্ক আলমগীর হোসেনের (৪২) অবস্থা আশঙ্কাজনক।
 
কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পরিদর্শক মোজহারুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে কর্মকর্তা-কর্মচারী ও নার্সগণ হেড ক্লার্ক আলমগীর হোসেনর বাসভবনে দাওয়াত খান। দাওয়াত খাওয়ার পর ওই তিনজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মনিরুজ্জামান ও জোবাইদার মৃত্যু হয়।
 
এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মোয়াজ্জেম হোসেন এবং পিয়ন চান মিয়াকে আটক করেছে পুলিশ। সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. মনজুর রহমান তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আলমগীর হোসেন আইসিওতে রয়েছেন।
 
ইত্তেফাক/জামান