মানিকগঞ্জে চেয়ারম্যানসহ সাতজন কারাগারে

 
চাঁদাবাজি মামলায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ ভুইয়াসহ সাতজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
 
বুধবার দুপুরে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ তারা আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক নিভানা খায়ের জেসি জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 
এর আগে গত ২২মার্চ সিংগাইর থানায় চাঁদাবাজি মামলাটি করেন মেসার্স তুষার মুন্নু এন্টারপ্রাইজের ম্যানেজার মো. আতোয়ার। মামলায় বাদী উল্লেখ করেন, দরপত্রের মাধ্যমে সিংগাইর উপজেলার জয়মন্টপ এলাকায় একটি প্রতিষ্ঠানের মাটি ভরাটের কাজ পায় তাদের প্রতিষ্ঠান। গত ২১মার্চ কাজ চলাকালে চেয়ারম্যান জাহিদ ভুইয়া ও তার সহযোগী সাইফুল, সবুর খা, গাফফার, দেলোয়ার, ভুটু ও আরশাদ দেড় লাখ টাকা চাঁদা দাবি করেন। এসময় দুই সিকিউরিটি গার্ডসহ কয়েকজন শ্রমিককে মারপিট করেন তারা।
 
ইত্তেফাক/জামান