শিবগঞ্জে সোয়াটের 'অপারেশন ঈগল হান্ট' চলছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে পুলিশের ঘিরে রাখা একটি বাড়িতে 'অপারেশন ঈগল হান্ট' নামে অভিযান শুরু করেছে সোয়াট বাহিনী।
 
পুলিশ ওই বাড়িটি বুধবার ভোর ৫টা থেকে ঘিরে রাখার পর বিকেল ৫টার দিকে ঢাকা থেকে সেখানে সোয়াট পৌঁছায়। এরপর সন্ধ্যা ৬টা থেকে এই অভিযান শুরু করে তারা।
 
সোয়াটবাহিনী জঙ্গি সন্দেহে জিম্মি আবু মোল্লার মাকে ওই বাড়িতে থাকা দু'টি শিশু উদ্ধারের জন্য ভিতরে পাঠায়। কিন্তু আবু মোল্লা ও তার স্ত্রী শিশু দু'টিকে ফেরত দেয়নি। আবুর মা ফিরে আসার পর অভিযান শুরু করে সোয়াট। ঘটনাস্থলে বর্তমানে কাউন্টার টেরোরিজম, পুলিশসহ প্রশাসনের বিভিন্ন সদস্য মোতায়েন রয়েছে।
 
ঘটনাস্থল ঘিরে ফায়ার সার্ভিসের গাড়ি, অ্যাম্বুলেন্স, জেনারেটর মোতায়েন রাখা হয়েছে। সেখানে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ধারা জারি করা হয়েছে বলে মাইকে প্রচার করা হচ্ছে।
 
উল্লেখ্য, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগর গ্রামে সাউদুর রহমান জেন্টু বিশ্বাসের ভাড়া দেয়া বাড়িতে জঙ্গি আবু মোল্লার সন্ধান পায় প্রশাসন। এলাকাবাসী জানায়, অভিযানের সময় বাড়ির ভিতর থেকে কয়েকটি গোলাগুলির শব্দ শোনা যায়। তারা আরো জানায়, মাঝে মাঝেই দুপুর পর্যন্ত গুলির ও ককটেলের শব্দ শুনা যাচ্ছিল।
 
ইত্তেফাক/জামান