সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের অন্যতম সদস্য পলাতক ময়নুল হককে (৩০) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন ( র্যাব)।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সলপ ইউনিয়নের ছোনতলা ব্রিজের নিচের পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। ময়নুল একই উপজেলার চর মোহনপুর গ্রামের মৃত দেলদার আকন্দের ছেলে।
র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সাফায়াত আহম্মদ সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, ময়নুল গত বছরের ১ সেপ্টেম্বর উল্লাপাড়া উপজেলার চর মোহনপুর গ্রামে রুহুল আমিনের বাড়িতে জেএমবি সদস্যরা নাশকতার পরিকল্পনা করছিল। ওইসময় সেখানে অভিযান চালিয়ে জেএমবির সক্রিয় সদস্য ইসরাফিল, আলমাস ও রুহুল আমিনকে পুলিশ গ্রেফতার করলেও ময়নুল হকসহ আরো ৪-৫ জেএমবি সদস্য পালিয়ে যায়। এ ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি ছিলেন ময়নুল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ময়নুল জেএমবিতে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
ইত্তেফাক/ইউবি