ফ্রান্স জানিয়েছে তাদের কাছে দ্ব্যর্থহীন প্রমাণ আছে যে সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় রাসায়নিক হামলা বাশার আল আসাদ সরকারের বিমান বাহিনী করেছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্য মার্ক আয়াল্ত বলেন, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা নমুনায় সিরীয় সরকারের প্রস্তুত করা সারিন গ্যাসের ধরণের সম্পুর্ণ মিল পাওয়া গেছে।
খান শেইখুনে এই হামলায় ৮৭ জন নিহত হয়েছে। বাশার আল আসাদ ফ্রান্সের অভিযোগকে ‘বানোয়াট’ বলে অভিহিত করেছে। তিনি বলেন, ২০১৩ সালে পশ্চিমা শাসকগোষ্ঠী তার বিরুদ্ধে দামেস্কে রাসায়নিক হামলার অভিযোগ আনলে সব রাসায়নিক অস্ত্র ধ্বংস করে ফেলে আসাদ সরকার।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভাষ্য, গত ৪ এপ্রিল খান শেইখুনে সিরীয় বাহিনীর বিমান হামলার পরে মানুষের মধ্যে রাসায়নিক হামলার লক্ষণ পরিলক্ষিত হয়। রাসায়নিক নিরস্ত্রীকরণ আন্তর্জাতিক সংস্থাও আক্রান্তদের নমুনা সংগ্রহ করে জানিয়েছে, তাদের উপর সারিন বা সারিনতুল্য কোনো বস্তু দিয়ে হামলা করা হয়েছে।
বুধবার এই সংক্রান্ত গোয়েন্দা তথ্য প্রকাশ করার সময় ফরাসি পররাষ্ট্র মন্ত্রী বলেন, আমরা একটি সূত্র থেকে জানতে পেরেছি যে সংগৃহীত নমুনার সঙ্গে সিরীয় ল্যাবরেটরিতে প্রস্তুত করা উপাদানের প্রস্তুত পদ্ধতির ধরণের সঙ্গে মিল রয়েছে। এই পদ্ধতিটাই হচ্ছে সিরীয় সরকারের চিহ্ন বহন করছে এবং এর ভিত্তিতে আমরা আসাদ সরকারের উপর এই হামলার দায় দিচ্ছি। আমরা জানি, কারণ পূর্ববর্তী হামলাগুলোর নমুনা আমরা সংগ্রহ করে রেখেছিলাম এবং সেটির তুলনামূলক বিশ্লেষণ করে দেখেছি। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির