ডিবি পুলিশ পরিচয়ে কনস্টেবলের কাছ থেকে ৫ লাখ টাকা ছিনতাই

 
ডিবি পুলিশ পরিচয়ে নজরুল ইসলাম (৫৯) নামে এক পুলিশ কনস্টেবলের কাছ থেকে পাঁচ লাখ টাকা ছিনতাই করেছে একদল দুর্বৃত্ত।
 
কনস্টেবল নজরুল ইসলাম সোনালী ব্যাংক থেকে ওই টাকা তুলে কন্যাকে নিয়ে বাড়ি ফিরছিলেন। বুধবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের পুষ্টকামুরী চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। ডিবি পুলিশের টাকা ছিনতাইয়ের ঘটনার পর পুলিশ প্রশাসনেও তোলপাড় শুরু হয়েছে বলে জানা গেছে।
 
ছিনতাইকারী চক্র নজরুল ইসলামকে সাভারের আমিন বাজার এবং তার কন্যা ইতি খন্দকারকে ধামরাই এলাকায় ফেলে দিয়ে টাকা নিয়ে পালিয়ে যায়।
 
এ ব্যাপারে মির্জাপুর থানার ডিউটি অফিসার এএসআই ফেরদৌস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।' দুর্বৃত্তদের গ্রেফতারের জন্য পুলিশ বিভিন্ন এলাকায় অভিযানে নেমেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত টাকা উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত কেউ গ্রেফতার হয়নি।
 
ইত্তেফাক/জামান