ইছামতিতে অবৈধ বাঁধ তলিয়ে গেছে বোরো ধান

শিবালয় উপজেলার বাশাঈল কলাবাগান এলাকায় ইছামতি নদীতে তৈরি করা অবৈধ বাঁধের কারণে অন্তত এক হাজার একর জমির বোরো ধান ক্ষেত তলিয়ে গেছে। এতে উঠতি বোরো ফসলের আবাদ কম হওয়ার আশঙ্কা করা হচ্ছে। সংশ্লিষ্ট বিভাগে অভিযোগ করা সত্ত্বেও দ্রুত ব্যবস্থা না নেওয়ায় ভুক্তভোগী মহলে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

উপজেলার জাফরগঞ্জ, মীরপুর, ধুসর, কালীবাড়ী, বাশাঈল, ষাইটঘর, মালুচি, রাধাকান্তপুর চকে বোরো আবাদের জন্য অনেক সেচ পাম্প স্থাপন করা হয়েছে। গত কয়েক দিনের বৃষ্টিতে ওই সকল চকের পানি খালযোগে প্রবাহিত না হতে পাড়ায় বিশেষ করে নিম্নাঞ্চলে আবাদ বোরো ধানের অধিকাংশ তলিয়ে গেছে।

ভুক্তভোগী কৃষকরা জানান, এ সকল চকের পানি জয়না খালের মাধ্যমে ইছামতি নদীতে এসে পড়ে। কিন্তু দীর্ঘদিন যাবত্ এক শ্রেণির মাটি ব্যবসায়ী বাশাঈল কলাবাগানের পূর্ব পাশে ইছামতি নদীতে আড়াআড়ি বাঁধ দিয়ে মাটি কেটে নিচ্ছে। বাঁধের কারণে অতিরিক্ত বৃষ্টির পানি চকে আটকে পড়ায় ধান তলিয়ে গেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে নদীতে দেওয়া বাঁধ অপসারণে ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সুপারিশ করা হয়েছে।

ইত্তেফাক/নূহু