নির্মাণের এক সপ্তাহের মধ্যে এলজিইডির সড়কে ধস

বরিশালের আগৈলঝাড়ায় নির্মাণকাজ শেষ হওয়ার সপ্তাহ না ঘুরতেই  এলজিইডির একটি সড়কে ধস দেখা দিয়েছে।

এলজিইডি ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল হাট থেকে পশ্চিম গোয়াইল পর্যন্ত ৩৯ লাখ টাকা ব্যয়ে প্রায় দেড় কিলোমিটার সড়কের কার্পেটিং গত কয়েক দিন আগে শেষ করে পল্লী আমীর ট্রেডার্স নামের যৌথ ঠিকাদারী প্রতিষ্ঠান।

ঠিকাদার মো. আমীর সড়কের কার্পেটিং-এর কাজ শেষ করলেও সড়কের পাশে পাইলিং না করে কোনো রকমে সড়কের পাশে মাটি দেওয়ায় এক সপ্তাহর মধ্যে ওই সড়কের বিভিন্ন জায়গায় ধস নেমেছে। পাইলিং ও প্রয়োজনীয় ঢালে পর্যাপ্ত মাটি না দেওয়ায় নির্মিত সড়কের স্থায়ীত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী রাজ কুমার গাইন জানান, সড়কে কার্পেটিং-এর কাজ শেষ হলেও সড়কের পুরো কাজ এখনো শেষ হয়নি, কাজ চলমান রয়েছে। এখন পর্যন্ত ওই সড়ক তারা বুঝে নেননি। তাই সড়ক বিধ্বস্ত হয়ে থাকলে তা আবার ঠিক করেই ঠিকাদারের কাছ থেকে সড়ক বুঝে নেওয়া হবে।

ইত্তেফাক/নূহু