দ. কোরিয়ায় স্থাপিত থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা চালু শিগগিরই: যুক্তরাষ্ট্র

দক্ষিণ কোরিয়ায় স্থাপিত অত্যাধুনিক মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’ কয়েকদিনের মধ্যেই চালু হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। তারা আরো বলছে, উত্তর কোরিয়ার যেকোনো আক্রমণ থেকে দক্ষিণ কোরিয়া ও সেখানে অবস্থানরত মার্কিন সেনাদের রক্ষার জন্য বিশেষভাবে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটি তৈরি এবং স্থাপন করা হয়েছে। 
 
গত বুধবার সকালে সামরিক যানে করে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের আড়াই শ কিলোমিটার দক্ষিণের একটি গলফ কোর্সে নিয়ে যাওয়া হয় থাডের প্রয়োজনীয় সরঞ্জাম। পরে সেখানেই স্থাপন করা হয় এই প্রতিরক্ষাব্যবস্থা। থাড হচ্ছে টিএইচএএডি বা ‘টার্মিনাল হাই-অলটিচিউড এরিয়া ডিফেন্স’ কথাটির সংক্ষেপ। শত্রু ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করার একটি ব্যবস্থা এটি। তবে এটিকে এ বছরের শেষের আগে ব্যবহার করা হবে না বলে ধারণা করা হচ্ছে। 
 
দক্ষিণ কোরিয়ায় থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সরঞ্জাম পরিবহণকালে স্থানীয় কয়েকশ বাসিন্দা বিক্ষোভ করেন। এছাড়া চীনও হুশিয়ারি উচ্চারণ করে বলছে, থাড এই অঞ্চলের নিরাপত্তাকে অস্থিতিশীল করে তুলবে। 
 
বেইজিং বলছে, ওয়াশিংটনের এমন সিদ্ধান্ত উত্তর কোরিয়াকে তেমন প্রভাবিত করতে পারবে না। দক্ষিণ কোরিয়ার ভূমিতে ‘থাড’ মোতায়েনে আঞ্চলিক নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হবে উল্লেখ করে এর আগে রাশিয়া এবং চীন বলেছে, এর বিরুদ্ধে তারা সম্মিলিত অবস্থান জোরদার করবে।
IMG0
তবে বুধবার মার্কিন কংগ্রেস সদস্যদের সঙ্গে আলাপের পর দেশটির প্রশান্ত মহাসাগরীয় কমান্ডার হ্যারি হ্যারিস বলেন, ‘উত্তর কোরিয়ার চলমান হুমকি মোকাবেলায় দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ নিরাপত্তা জোরদারে আগামী কয়েকদিনের মধ্যেই থাডকে চালু করা হবে।’ এর পরে, দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পরে নিশ্চিত করে যে, ‘শীগ্রই এটি কার্যকর হতে যাচ্ছে।’ বিবিসি।
 
ইত্তেফাক/সেতু