টঙ্গীতে প্রধান শিক্ষককে অপসারণ করার দাবিতে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রেখেছে টঙ্গী আশরাফ টেক্সটাইল মিলস হাই স্কুলের শিক্ষার্থীরা।
সড়ক অবরোধ থাকায় টঙ্গী বাজার থেকে গাজীপুর চৌরাস্তা ও কুড়িল বিশ্বরোড থেকে টঙ্গী বাজার পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
বেলা ১২টায় পুলিশ ছাত্রদের ওপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে যান চলাচল স্বাভাবিক করে। এসময় পুলিশের লাঠিচার্জে শতাধিক শিক্ষার্থী আহত হয়। পরে উত্তেজিত শিক্ষার্থীরা টঙ্গী আশরাফ টেক্সটাইল মিলস হাই স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ করে তাকে বেধম মারধর করে ও সকল আসবাপত্র ও জানালার গ্লাস ভাঙচুর করে। এসময় শিক্ষার্থীদের আঘাতে স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন গুরুতর আহত হন।
শিক্ষার্থীরা বলে, ‘টঙ্গী আশরাফ টেক্সটাইল মিলস হাই স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন একজন দুর্নীতিবাজ। তিনি দীর্ঘদিন ধরে আমাদের স্কুলের অর্থ অত্মসাৎ করে আসছেন। তার দুর্নীতির বিরুদ্ধে কোনো শিক্ষক কথা বললে তাকে অন্যত্র বদলি করে দেয়া হয়। আমরা তার অধীনে কোনো শিক্ষার্থী ক্লাস করবো না। যতক্ষণ না তাকে অপসারণ করা হবে ততক্ষণ আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।’
ইত্তেফাক/কেকে