ফরিদপুরের ভাঙ্গায় বৃহস্পতিবার প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ হাত থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী মাহমুদা আক্তার(১৩)। সে কাজী শামছুন্নেচ্ছা মডেল বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণী ছাত্রী ও আলগী ইউনিয়নের চরকান্দা গ্রামের মৃত তারা মিয়ার কন্যা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(অতিরিক্ত দায়িত্ব) প্রণব কুমার ঘোষ জানান, স্কুল ছাত্রীটির সহপাঠীদের দেয়া তথ্য মতে আমরা তার বাসায় উপস্থিত হয়ে বিবাহ অনুষ্ঠান বন্ধ করি। পিতৃহারা মেয়েটি হতদরিদ্র পরিবারের হওয়ায় পরিবারের পক্ষ হতে দ্রুত তাকে বিবাহ দেওয়ার চেষ্টা করে। প্রশাসনের পক্ষ হতে মেয়েটিকে বই কিনে দেওয়া সহ লেখাপড়ার ব্যবস্থার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক অরুণ কুমার জানায়, ছাত্রীটির বড় বোনও আমাদের স্কুলেই নবম শ্রেণীতে পড়ে। ৬ বোনের অভাব অনটনের সংসারে হয়ত পরিবারের লোকজন আইন অমান্য করেই এই কাজ করতে গিয়েছিল। সঠিক সময়ে প্রশাসনে হস্তক্ষেপে বিবাহ বন্ধ হওয়ায় মেয়েটির ভবিষ্যৎ রক্ষা পায়। বিদ্যালয় কর্তৃপক্ষ দুই বোনেরই লেখাপড়া ব্যবস্থায় যথা সম্ভব তাদের পাশে দাঁড়াবে। তিনি আরো বলেন, সমাজের বৃত্তবানেরাও যদি এই অসহায় পরিবারটির পাশে দাড়ায় তাহলে পিতৃহারা ৬ বোনের সংসারটি হয়তো একটু উপকৃত হবে।
ইত্তেফাক/সাব্বির