হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে সোয়া কোটি টাকার ২২টি স্বর্ণের বারসহ আজিজুর রহমান (৩০) নামে এক যুবক গ্রেফতার হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর শুল্ক কর্তৃপক্ষের প্রিভেনটিভ দল ওই যুবককে আটক এবং ওই স্বর্ণ জব্দ করে।
এ ব্যাপারে বিমানবন্দর শুল্ক কর্তৃপক্ষের প্রিভেনটিভ দলের সহকারী কমিশনার এ এইচ এম আহসানুল কবির বলেন, রিজেন্ট এয়ারওয়েজের মাস্কট চট্টগ্রাম আর এক্স ফ্লাইট সকাল ৯টা ৫২ মিনিটে অবতরণ করে। ওই ফ্লাইটে আজিজুর রহমান ঢাকা আসেন। সকাল সাড়ে ১০টার দিকে আগমনি লাউঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে তাকে চ্যালেঞ্জ করা হয়। এ সময় তার দেহে তল্লাশি চালিয়ে কোমরে লুকিয়ে রাখা ২২টি স্বর্ণের বার পাওয়া যায়। এর ওজন আড়াই কেজি ও দাম প্রায় এক কোটি ২৫ লাখ টাকা।
জিজ্ঞাসাবাদে আট আজিজুর জানিয়েছেন, পেশায় তিনি ইলেক্ট্রনিক্স মিস্ত্রি। চট্টগ্রামে এয়ারক্রাফটে উঠে স্বর্ণের বারগুলো সংগ্রহ ও নিজের শরীরে লুকিয়ে রাখেন। আজিজুরের বিরুদ্ধে মামলা করে তাকে থানায় সোপর্দ করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি