চট্টগ্রামে বারুণী স্নানোত্সবে পুণ্যার্থীদের ঢল

চট্টগ্রাম অফিস

নগরীর দক্ষিণ কাট্টলীর ঐতিহ্যবাহী রাণী রাসমণি ঘাটে মঙ্গলবার সার্বজনীন মহাতীর্থ বারুণী স্নানোত্সব হয়। সকাল থেকে রাণী রাসমণি ঘাটে এই পুণ্যস্নানে অংশ নেন হাজার হাজার সনাতনী ভক্ত। দূর-দূরান্ত থেকে ঋষি, মহারাজ, বৈষ্ণব, সাধু-সন্ন্যাসীরা স্নান উত্সবে যোগ দেন। এই উপলক্ষে রাণী রাসমণি ঘাটে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল-গঙ্গা পূজা, বৈষ্ণব সেবা, ঋষি সমাবেশ, শ্রীমদ্ভগবত গীতাপাঠ, ধর্ম মহাসম্মেলন ও মহাপ্রসাদ বিতরণ।

ধর্ম মহাসম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কোর সদস্য মিলন কান্তি শর্মা। বারুণী স্নান উদ্যাপন পরিষদের সভাপতি অনিল কান্তি নাথের সভাপতিত্বে বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সুজিত দাশ, কাউন্সিলর শৈবাল দাশ সুমন প্রমুখ।