দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেন, 'বাংলাদেশের আছে বিশাল যুবশক্তি। এই জনশক্তির জন্য প্রয়োজন কর্মসংস্থান। প্রধানমন্ত্রীর উদ্যোগে প্রতিষ্ঠিত একশ' অর্থনৈতিক অঞ্চলে এক কোটি মানুষের কর্মসংস্থান হবে।'
ত্রাণমন্ত্রী বলেন, 'উপজেলা পর্যায়ে শিল্প ছড়িয়ে পড়ছে। এই শিল্পই বাংলাদেশে আগামী দিনের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সুবার্তা দেবে।' বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চরাঞ্চলে অর্থনৈতিক জোন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, 'আগে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি বেশি অর্জিত হতো কৃষি খাত থেকে। এখন আসে সেবা ও শিল্প খাত থেকে। শিল্প বিপ্লবের মাধ্যমে জার্মানি তাদের প্রবৃদ্ধি বাড়িয়ে বিশ্বের উন্নত দেশে পরিণত হয়েছে।'
সারা দেশে ব্যাপক শিল্পায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে শতাধিক বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছেন, তা মাইলফলক হয়ে থাকবে বলে মনে করেন ত্রাণমন্ত্রী।
এ সময় বিএনজি গ্লোবাল হল্ডিং এর সিও প্রফেসর ড. এস সাবরিনা, পরিচালক ড. গোপালা কৃসান, ত্রাণমন্ত্রীর সহধর্মিণী পারভীন চৌধুরী, মন্ত্রী পুত্র শিক্ষানুরাগী সাজেদুল হোসেন চৌধুরী দিপু, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমদ, উপজেলা নির্বাহী অফিসার মোহা. মফিজুল ইসলাম, ছেংগারচর পৌরসভার মেয়র রফিকুল আলম জর্জ, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম হাওলাদার, ইয়াছমিন আহমদ, এনডিসি পারভীন আক্তার, এসি ল্যান্ড বিএম রুহুল আমিন রিমন, জেলা মৎস্য কর্মকর্তা সফিকুর রহমান, সমাজসেবক বোরহান উদ্দিন মিয়া প্রমুখ।
ইত্তেফাক/জামান