জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবারো অপসারিত

 
সিলেটের জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদারকে আবারো অপসারণ করা হয়েছে।
 
স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাকে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ সচিব ড. জুলিয়া মঈন ২৫ এপ্রিল তার অপসারণের নির্দেশে স্বাক্ষর করেন। বৃহস্পতিবার উপজেলা চেয়ারম্যান বিষয়টি অবগত হন। সরকার বিরোধী প্রচারণা, দলীয় ও ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহার, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, ২০১৫ সালের ৫জানুয়ারি নাশকতার নির্দেশনার অভিযোগে তাকে অপসারণ করা হয়েছে। এর আগে ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর একটি ফৌজদারি মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় মন্ত্রণালয় থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। তখন পরবর্তীতে ইকবাল আহমদ তাপাদারের বরখাস্তের আদেশ উচ্চ আদালত স্থগিত করেছিলেন।
 
এ ব্যাপারে ইকবাল আহমদ জানান, যেসব অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছে সবই মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত এবং সম্পূর্ণ অন্যায়ভাবে আমাকে অপসারণ করা হয়েছে। অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় তার বিরুদ্ধে সাজানো অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যাপারে তিনি উচ্চ আদালতের আশ্রয় নেবেন বলে জানান। উল্লেখ্য, ইকবাল আহমদ জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক আহ্বায়ক।
 
ইত্তেফাক/জামান