প্রায় এক যুগ মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ রাখলেও গত এক সপ্তাহেই চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে মার্কিন অঙ্গরাজ্য আরকানসাস প্রশাসন। বৃহস্পতিবার চতুর্থ ব্যক্তি হিসেবে বিষাক্ত ইনজেকশনের মাধ্যমে ৩৮ বছর বয়সী কেনেথ উইলিয়ামসের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
তার বিরুদ্ধে সর্বোচ্চ নিরাপত্তার মধ্যেও কারাগার থেকে পালিয়ে গিয়ে দুইজনকে হত্যার প্রমাণ পাওয়া যায়। এর আগেও তিনি ১৯৯৮ সালে আরকানসাস বিশ্ববিদ্যালয়ে এক চিয়ারলিডারকে খুন করেছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।
কেনেথ একজন বুদ্ধি-প্রতিবন্ধী হিসেবে তার আইনজীবীরা দাবি করে আসলেও মার্কিন সুপ্রিম কোর্ট তাদের এসব দাবি খারিজ করে দেয়। চলতি মাসে মৃত্যুদণ্ড কার্যকরের বিষাক্ত ইনজেকশন মিডাজোলামের সরবরাহের মেয়াদ শেষ হওয়ার পরিপ্রেক্ষিতে এসব মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে ধারণা করা হচ্ছে।
IMG0
এর আগে, গত সোমবার রাতে একসঙ্গে দুই বন্দির মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়েছে বলে আরকানসাসের অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন। ১৯৯০ এর দশকে জ্যাক জোনস ও মার্শেল উইলিয়ামস নামের এই দুই জনকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়। বিবিসি।
ইত্তেফাক/সেতু