উত্তেজনা ছড়িয়ে ড্র’তে শেষ হলো ম্যানচেস্টার ডার্বি

ম্যানচেস্টার ডার্বিতে কেউই জিততে পারেনি। ড্র’তেই শেষ হলো ম্যানচেস্টার ডার্বি। তবে ম্যাচ জয়ের জন্য আপ্রাণ চেষ্টা করেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। কিন্তু ভাগ্য সহায় হয়নি কারও। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় তাদের। ৩৩ খেলা শেষে ৬৫ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে ম্যান সিটি ও ৬৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ম্যানইউ। ৩৩ খেলায় ৭৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে চেলসি। 
 
নিজেদের মাঠে খেলার সুবিধাটা ভালোভাবে কাজে লাগানোর লক্ষ্যই ছিলো ম্যানচেস্টার সিটির। বল দখলে রেখে মধ্য মাঠের নিয়ন্ত্রণ নিয়েছিলো তারা। ফলে চাপে পড়ে গিয়েছিলো ম্যানচেস্টার ইউনাইটেড। তাই বেশ রক্ষণাত্মকই ছিলো ম্যান ইউ। প্রতিপক্ষের আক্রমণগুলো সামলানোর কাজ ভালোভাবেই করে সফরকারীদের রক্ষণদূর্গ। 
 
২১ মিনিটে গোলের ভালো সুযোগ পেয়েছিলো ম্যানচেস্টার সিটি। ডিফেন্ডার আলেক্সজান্দার কোলারোভের সহায়তায় গোলে শট নিয়েছিলেন মধ্যমাঠের খেলোয়াড় কেভিন ডি ব্রুনি। কিন্তু সেটি রুখে দেন ম্যান ইউ’র গোলরক্ষক ডেভিড ডি গিয়া। 
 
 
এরপর ২৮ মিনিটে গোলের দেখা পেয়েও পেলো না ম্যান সিটি। এবার সুযোগটি হাতছাড়া করেন আর্জেন্টিনার স্ট্রাইকার সার্জিয়ো অ্যাগুয়েরো। মিডফিল্ডার পাবলো জাবালেতার কর্নার থেকে বল পেয়ে হেড নিয়েছিলেন আগুয়েরো। কিন্তু সেটি গিয়ে জমা পড়ে ম্যান ইউ’র গোলরক্ষকের হাতে। ফলে এবারও গোল বঞ্চিত হয় ম্যান ইউ। 
 
এই অর্ধে আরও দু’বার গোলের সুযোগ তৈরি করেছিলেন আগুয়েরো। কিন্তু ম্যান ইউ’র গোলরক্ষক ও ডিফেন্ডারদের দৃঢ়তায় সেই সুযোগগুলো ভেস্তে যায়। ফলে স্কোরলাইন গোল শূন্য থেকেই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। 
 
দ্বিতীয়ার্ধেও নিজেদের আক্রমণ বজায় রাখে ম্যান সিটি। তাই এই অর্ধের শুরু থেকেও কোণঠাসা ছিলো হোসে মরিনহোর ম্যান ইউ। প্রতিপক্ষকে কোণঠাসা করেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিলো না ম্যান সিটি। 
 
তবে শেষদিকে ম্যান ইউ’র বিপদ আরও বাড়ে। ৮৪ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ডে, লাল কার্ড নিয়ে মরুনে ফেলাইনি মাঠ ছাড়লে। এতে দশ’জনের দলে পরিণত হয় ম্যান ইউ। তাই ম্যাচের শেষ মিনিটে আরও ভয়ংকর হয়ে উঠে ম্যান সিটি। কিন্তু তাতেও কোন সাফল্য পায়নি তারা। তাই গোলশূণ্যভাবেই শেষ হয় ম্যাচটি। পুরো ম্যাচে নিজেদের দখলে ৬৯ শতাংশ বল রেখেছে ম্যান সিটি। আর ম্যান ইউ’র দখলে ছিলো ৩১ শতাংশ। 
 
 
তবে গোল না পাওয়ায় বেশ হতাশ ম্যান সিটির কোচ পেপ গার্দিওয়ালা। তিনি বলেন, ‘ভাগ্য সহায় ছিলো না বলেই গোল পায়নি আমরা। ছেলেরা ভালো ফুটবল খেলেছে। প্রতিপক্ষকে ব্যাকফুটে রাখাই আমাদের প্রধান লক্ষ্য ছিলো। সেটি আমরা করতে পেরেছি। কিন্তু গোল করতে পারিনি। গোলের সুযোগগুলো কাজে লাগানো দরকার ছিলো।’
 
দলের পারফরমেন্সে হতাশা ঝড়েছে ম্যান ইউ’র বস হোসে মরিনহোর কণ্ঠ থেকে। তিনি বলেন ‘আমাদের কোন পরিকল্পনাই কাজে লাগেনি। আসলে আমরা ভালোভাবে পরিকল্পনাগুলো কাজে লাগাতে পারিনি। পুরো ম্যাচেই আমরা ব্যর্থ। তবে ভাগ্য সহায় ছিলো যে, আমাদের গোল হজম করতে হয়নি।’
 
গেল বছরের সেপ্টেম্বরে ওল্ড ট্রাফোর্ডে প্রথম ডার্বি ম্যাচে ২-১ গোলে জিতেছিলো ম্যানচেস্টার সিটি। বাসস।