চিকিত্সার জন্য গরু বিক্রি করায় বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। শনিবার সকালে টাঙ্গাইলের নাগরপুরে চর ডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম মো. লাল মিয়া (৬৫)। তিনি পেশায় একজন রিক্সাচালক ছিলেন।
নিহতের ভাই ধলা মিয়া জানান, তার বড় ভাই দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন, শুক্রবার লাল মিয়া তার চিকিত্সার ব্যায়ের জন্য গাভী বিক্রি করার কথা বললে ক্ষিপ্ত হয়ে ছেলে আজাহার মিয়া পিতাকে মারপিট করে। পরে স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে এলে ছেলে আজহার সটকে পড়ে। পরের দিন শনিবার সকাল ছয়টার দিকে ছেলে আজহার তার পিতা গরু বিক্রি করেছে জানতে পেরে ক্ষিপ্ত হয়ে দাঁ নিয়ে পিতাকে খুঁজতে থাকে। এ সময় বাবা লাল মিয়া বাথরুমে ছিলেন। ছেলে সেখানে ঢুকে উপুর্যপুরী কুপিয়ে লাল মিয়াকে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে আজাহার পলাতক আছে।
এ ব্যাপারে নাগরপুর থানার ওসি জহিরুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আজাহার পলাতক থাকায় তাকে গ্রেফতার করা যায়নি। তবে তাকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।