শিবগঞ্জে চার জঙ্গির দাফন সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগরে আত্মঘাতি চার জঙ্গির  মরদেহ শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ফকিরপাড়া করবস্থানে দাফন করা হয়েছে।
 
এদিকে এই ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ময়নাতদন্ত শেষে পরিচয় নিশ্চিত হতে না পারা তিন জঙ্গির মরদেহ পৌরসভার মাধ্যমে দাফনের সিদ্ধান্ত নেয় পুলিশ। আর পরিচয় নিশ্চিত হওয়া জঙ্গি আবু কালামের মরদেহ তার চাচার কাছে রাত সোয়া ৮টার দিকে পুলিশ হস্তান্তর করে। কিন্তু পরে নিহতের বাবা বা মা কেউ না আসায় আবু কালামের মরদেহ ফিরিয়ে নিয়ে ওই তিনজনের সঙ্গে রাতে ফকিরপাড়া কবরস্থানে দাফন করা হয়।
 
শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম জানান জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শিবগঞ্জ থানার এসআই আব্দুস সালাম বাদী হয়ে শুক্রবার রাতে মামলাটি দায়ের করেন। পরিচয় নিশ্চিত হওয়া আবু কালামসহ নিহত চার জঙ্গিরা ছাড়াও মামলায়  আবু কালামের স্ত্রী সুমাইয়াকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরো ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।
 
তিনি আরো জানান, এই ঘটনায় আটক সুমাইয়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।