রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির কারণে সিদ্ধান্ত বাস্তবায়ন বাধাগ্রস্ত : ড. কামাল

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির কারণে যতগুলো সিদ্ধান্ত বা কর্মসূচি নেয়া হয় তা বাস্তবায়নে বাধাগ্রস্ত হচ্ছে, বিলম্বিত হয়। তিনি হাওরবেষ্টিত জেলাগুলোকে দুর্গত এলাকা ঘোষণা করার পাশাপাশি জরুরি ভিত্তিতে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের দাবি জানান। ড. কামাল হোসেন বলেন, এটা আমাদের একটা জাতীয় সংকট। জাতীয় সংকট মোকাবিলার জন্য প্রয়োজন হয় জাতীয় ঐক্য। এটাকে দলীয় দৃষ্টিভঙ্গি থেকে না বিচার করে, পাল্টাপাল্টি দোষারোপ না করে সমস্যা চিহ্নিত করা দরকার। সব তথ্য একত্র করা দরকার। সব ধরনের গঠনমূলক প্রস্তাব সামনে আনা দরকার।
 
শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে গণফোরামের উদ্যোগে এক সংবাদ সম্মেলনে একথা বলেন বিশিষ্ট এই আইনজীবী।
 
হাওরাঞ্চলের কান্না : বিপন্ন মানবতার পাশে দাঁড়ান শীর্ষক- এ সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন বলেন, দুর্নীতি আর দলবাজির কারণে অনেক সময় কাজই হয় না। এখানে শাসন ব্যবস্থার মধ্যে স্বচ্ছতা, জবাবদিহিতার অভাব আছে। কাজ দেয়া উচিত যোগ্যতার ভিত্তিতে, দলীয় পরিচয়ে না। দলীয় আনুগত্যের ভিত্তিতে না। কিন্তু এখানে তো তাই হচ্ছে। যাদেরকে ভিজিএফ কার্ড বিতরণের জন্য দায়িত্ব দেয়া হচ্ছে তাদের দলীয় পরিচয় রয়েছে। ফলে তাদের কাজের গাফিলতিতে বিচার হচ্ছে না। দলীয় পরিচয়ে কাজ হলে তো এধরনের দুর্নীতি হতে বাধ্য। দলীয় লোক থাকলে তার বিরুদ্ধে তো ব্যবস্থা নেয়া কঠিন।
 
ড. কামাল হোসেন বলেন, দেশের আইনের শাসন থাকলে এমন হয় না। দুর্নীতি করুক শাস্তি হবে, কার্যকর তদন্ত হবে- এমন বিশ্বাস না থাকলে কোনো কাজে লাভ আসবে না। সবাই যদি ম্যানেজ করার মতো অবস্থায় চলে যায় তাহলে তো কার্যকর ব্যবস্থা নেয়া কঠিন।