মেহেন্দীগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম

 
বরিশালের মেহেন্দীগঞ্জে মাজাহারুল ইসলাম নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করা হয়েছে।
 
শনিবার পৌর এলাকার ঈদগাহ মাঠের সামনে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
 
স্থানীয়রা জানায়, দলীয় কোন্দলের কারণে কয়েকদিন ধরে মাজাহারুল ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিলের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চরমে পৌঁছায়। শনিবার পরীক্ষার জন্য সকালে সে বাসা থেকে বের হয়। পথিমধ্যে পৌর এলাকার ঈদগাহ মাঠের সামনে পৌঁছুলে উপজেলা ছাত্রলীগ সম্পাদক শাকিলের সমর্থকরা তার উপর হামলা চালায়। এসময় তারা ধারালো অস্ত্র দিয়ে মাজাহারুলকে কুপিয়ে জখম করে। তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।
 
মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, এধরনের কেউ কোন অভিযোগ থানায় করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
ইত্তেফাক/জামান