কমলগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে সমশেরনগর কুলাউড়া সড়ক বন্ধ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর—কুলাউড়া সড়কের পাবই এলাকায় বেইলি সেতু ভেঙে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে পড়ে। শনিবার সকাল নয়টায় অস্থায়ীভাবে নির্মিত ডাইভারশন সেতুটি ভেঙে পড়ে। এরপর শমশেরনগরের সাথে কুলাউড়া সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। সড়ক যোগাযোগ বন্ধ হওয়ায় কুলাউড়ার সাথে চলাচলকারী যাত্রীরা দুর্ভোগে পড়েন।

স্থানীয় এলাকাবাসী জানান, ছাতক থেকে আসা সাতশ’ বস্তা সিমেন্টবাহী ট্রাক হাজীপুর ইউনিয়নের পাবই গ্রাম এলাকার পলকছড়ার ডাইভারশন বেইলি সেতু অতিক্রমকালে সেতু ভেঙে উল্টে পড়ে। এরপর এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সিএনজি অটোরিক্সা সমূহ বাধ্য হয়ে পীরেরবাজার এলাকা দিয়ে প্রায় ৮ কি.মি. পথ ঘুরে চলাচল করলেও বাস, ট্রাকসহ বড় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

সন্ধ্যা পর্যন্ত ট্রাকটি উদ্ধার করা যায়নি। কুলাউড়া পথে চলাচলকারী সিএনজি অটোরিক্সা চালক সামসুদ্দীন, শিমুল বলেন, ঘটনাটি সকাল নয়টায় ঘটলেও বিকাল পর্যন্ত সড়ক জনপথ বা ট্রাকের মালিক পক্ষ কেই দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধারে উদ্যোগ নেয়নি। ফলে এ পথে যান চলাচল এখন অনিশ্চিত হয়ে পড়েছে। এ অবস্থায় এ পথে যান চলাচল স্বাভাবিক হতে কমপক্ষে ৩ দিন সময় লেগে যেতে পারে। এ ঘটনার পর পীরের বাজার হয়ে কুলাউড়ায় যাতায়াতে অটোরিক্সায় অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে বলে যাত্রীরা অভিযোগ করেন। মৌলভীবাজারের সড়ক জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মিন্টু দেবনাথ জানান, ট্রাকের মালিককে আগে ট্রাকটি উদ্ধার করতে হবে। তারপর সড়ক জনপথ বিভাগের লোকজন ক্ষতিগ্রস্ত বেইলি সেতু মেরামত করলে সড়ক যোগাযোগ স্বাভাবিক হবে। এতে কতদিন সময় লাগবে এ ব্যাপারে তিনি কোনো কথা বলছেন না।

ইত্তেফাক/নূহু