নওগাঁয় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

নওগাঁয় সদর উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কে ট্রাক্টর ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী রেজাউল ইসলাম (৪০) নিহত হয়েছেন। শনিবার রাত ৮ টার দিকে  উপজেলার হাঁপানিয়া ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল সদর উপজেলার ফতেপুর গ্রামের সাদেকুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, রাত ৮টার দিকে রেজাউল মোটর সাইকেল চালিয়ে নওগাঁ শহরের দিকে আসছিলেন। এ সময় মহাদেবপুরগামী একটি ট্রাক্টর বিপরিত দিক থেকে এলে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটর সাইকেল আরোহী রেজাউল গুরুতর আহত হয়। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হবে।

ইত্তেফাক/নূহু