বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারি কর্মকর্তাদের বেতন বাড়িয়েছেন। আমাদের কৃষক ভাইদের তো বেতন বাড়ান নাই। এছাড়া সার, বিদ্যুৎ, ডিজেলসহ সবকিছুর দাম বাড়িয়ে দিয়ে বলছেন, দেশে উন্নয়ন হচ্ছে। আসলে উন্নয়ন হচ্ছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের। তারা তিন-চার তলা বাড়ি বানাচ্ছেন। একটা গাড়ির জায়গায় ১০টা গাড়ি নিয়ে যাচ্ছেন।
রবিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা আউলিয়াপুর ইউনিয়নে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, এই দেশটা কি কয়েকটা মানুষের জন্য! তারা সম্পদ থেকে সম্পদ তৈরি করবে। আর সাধারণ মানুষ গরিব থেকে আরো গবির হবে। সরকার নির্বাচন দিতে চায় না। নির্বাচন দিলে তারা নিজেরাই সব নিয়ন্ত্রণ করবে। সেটা কিভাবে আমরা মেনে নিব?
তাই সরকারকে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দাবি জানাই, নির্বাচন দাও। সে নির্বাচন হতে হবে লেভেল প্লেন ফিল্ডের মধ্যে। নির্বাচনকালীন সময় একটা সরকার থাকতে হবে, সে সরকার নিরপেক্ষ হবে। আর নির্বাচন কমিশন হতে হবে একবারে নিরপেক্ষ তা না হলে নির্বাচন সুষ্ঠু হবে না। তাই আশা রাখি, সরকারের শুভ বুদ্ধির উদয় হয়ে আগামী একটা সুন্দর নির্বাচন উপহার দিবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমান, সদর থানা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন লাল, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জাফরুল্লাহ প্রমূখ।
ইত্তেফাক/কেকে