রাজধানীর শাহজাহানপুরে চলন্ত বাসে ওঠার সময় পড়ে গিয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক কর্মী নিহত হয়েছেন। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে নাভানা টাওয়ারের সামনে এই দুর্ঘটনা ঘটে।
রাজধানীর শাহজাহানপুরে চলন্ত বাসে ওঠার সময় পড়ে গিয়ে সওজের এক কর্মী নিহত হন। নিহত ব্যক্তির নাম আবু বকর সিদ্দিক (৪৮)। তিনি সওজের পরিবহন শাখায় চাকরি করতেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। গ্রামের বাড়ি বিবাড়িয়া জেলার কসবা উপজেলায়।
নিহত আবু বকরের মেয়ে ঝুমা আক্তার জানান, তারা খিলগাঁও পূর্ব নন্দীপাড়া এলাকায় থাকেন। তার বাবা আবু বকর সিদ্দিক সওজের পরিবহন শাখায় চাকরি করতেন। দুপুরে তিনি শাহাজাহানপুরে নাভানা টাওয়ার সামনে চলন্ত বাসে ওঠার সময় পড়ে গিয়ে আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শাহাজাহানপুর থানার উপপরিদর্শক কুমার দাস বলেন, দুর্ঘটনার পর বাস ও চালককে আটক করা হয়েছে।