রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে বিভিন্ন বিভাগের একাডেমিক ক্লাস। শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের জন্য সাধারণত প্রধান ফটক এবং কাজলা গেট বেশি ব্যবহার করেন। কিন্তু এই দুই গেটে ফুটওভারব্রিজ না থাকায় শিক্ষার্থীরা প্রায়শই দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন। এমনকি প্রধান ফটকের সামনে বেপরোয়া গতির গাড়ির নিচে চাপা পড়ে শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনাও ঘটেছে। ঢাকা-রাজশাহী মহাসড়ক হওয়ায় এ রাস্তায় ভারী যানবাহনের পাশাপাশি অটোরিকশাসহ বিভিন্ন যান চলাচল করে। এতে রাস্তা পারাপারে শিক্ষার্থীদের চরম বিড়ম্বনা পোহাতে হয়। প্রধান ফটকের পাশাপাশি বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা গেটেও সব সময় যানজট লেগে থাকে। অনেক সময় যানজটের কারণে রাস্তা পারাপারে দাঁড়িয়ে থাকতে হয় অনেকক্ষণ। এ অবস্থায়, নির্বিঘ্নে রাস্তা পারাপারের স্বার্থে বিশ্ববিদ্যালয় প্রধান ফটক এবং কাজলা গেটে ফুটওভারব্রিজ নির্মাণের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
ইমরান আজিম
শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়