ভুল বোঝাবুঝির অবসান!

 
ঢাকাই চলচ্চিত্রে এখন টক অব দ্য টাউন শাকিব খান। প্রসঙ্গ অপু বিশ্বাসের সাথে তার বিয়ে। সংবাদের শুরুটা এ নিয়ে হলেও এরপর বিষয়টি গড়িয়েছে অনেকটা।
 
পরিচালক সমিতি নিয়ে নেতিবাচক কথা বলার প্রেক্ষিতে চলচ্চিত্র পরিচালক সমিতি ও চলচ্চিত্রের অন্যান্য ১২টি সংগঠন শাকিব খানের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য কাজ না করার সিদ্ধান্ত নেয়।
 
সম্প্রতি শাকিবকে উকিল নোটিশ পাঠায় পরিচালক সমিতি। মিডিয়াতে চলচ্চিত্র পরিচালকদের উদ্দেশ্য করে মানহানিকর বক্তব্য দেওয়ায় সমিতির ভাবমূর্তি ও সদস্যদের সম্মান রক্ষার্থে শাকিবকে নোটিশ পাঠানো হয়।
 
বিষয়টি নিয়ে শাকিব তেমন কোনো মন্তব্য এখন পর্যন্ত করেননি। এ নিয়ে আজ বিকেল ৩টায় গুলশানের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছিলেন শাকিব।
 
তবে গতকাল রাতে পুরো বিষয়টিই যেন পাল্টে যায়। চলচ্চিত্রের সিনিয়র শিল্পী আলমগীর, সোহেল রানাসহ অনেকে এফডিসিতে আসেন। যেখানে শাকিবকেও ডাকা হয়। তাদের মধ্যস্থতায় শাকিব তার বিগত মন্তব্যের জন্য সবার কাছে দুঃখ্য প্রকাশ করেন। তিনি বলেন, ‘আপনারা আমার পরিবারের গুরুজন। আপনার যা বলবেন তা আমি মেনে নেবো।’
 
ইত্তেফাক/আনিসুর