জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা, ক্যারিয়ারের মাঝের সময়টা পারিবারিক কাজে ব্যস্ততায় থাকলেও আবারো ফিরছেন শোবিজে। পেশাগত কাজ ছাড়াও সমানতালে ব্যস্ত সংসার, সন্তান নিয়ে। ক্যারিয়ারে শুরু থেকে পূর্ণিমা চেষ্টা করেছেন নিজের মনের মতো গল্প ও চরিত্রে কাজ করতে। যে কারণে চলচ্চিত্রে অভিনয় জীবনের দীর্ঘ পথচলায় কখনো তাকে পিছিয়ে পড়তে হয়নি।
গত বছর অক্টোবরে একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করতে দেখা যায়। সংসার, সন্তান নিয়েই ব্যস্ত সময় কেটেছে তার। কিন্তু পূর্ণিমার ইচ্ছে ছিল কাজে ফেরার। বিজ্ঞাপন, নাটক, টেলিফিল্ম কিংবা চলচ্চিত্র, মনের মতো হলেই কাজে আবার ফিরবেন বলেও জানিয়েছেন তিনি।
বড় আয়োজনের এক বিজ্ঞাপনে কাজ করার মধ্যদিয়ে পূর্ণিমা আবার কাজে ফিরেছেন। গত ৫ এপ্রিল মানিকগঞ্জের মনোরম লোকেশনে বিশাল আয়োজনের মধ্যদিয়ে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন মিজানুর রহমান। পূর্ণিমার সঙ্গে সহশিল্পী হিসেবে আছেন চিত্রনায়ক ইমন।
বিজ্ঞাপনটিতে কাজ করা প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘বিজ্ঞাপনের কাজটিও অনেকটা হঠাৎ করেই করা। বিজ্ঞাপনটির গল্প ভাবনা, লোকেশন, বিজ্ঞাপনের জন্য বড় রকমের আয়োজন সবমিলিয়ে কাজটি অনেক ভালো লেগেছে তাই করেছি। তাছাড়া একই প্রতিষ্ঠানের কাজ আগেও করেছি। যে কারণে আমার মনে হয়েছে একটি ভালো কাজই হবে।’
আসছে ঈদুল ফিতরের আগেই বিজ্ঞাপনটি বিভিন্ন চ্যানেলে প্রচার করা শুরু হবে। ঈদ আসতে এখনো অনেক দেরি হলেও ইতোমধ্যে তিনজন নির্মাতা নায়িকা পূর্ণিমাকে নিয়ে তিনটি নাটক নির্মাণের কাজ শুরু করতে যাচ্ছেন বলেও জানান পূর্নিমা।
ইত্তেফাক/আনিসুর