নিজের রূপে আবারো হাজির সালমা হায়েক

 
‘হাউ টু বি আ লাতিন লাভার’ মুক্তি পেয়েছে গত ২৮ এপ্রিল। হলিউডের রোমান্টিক কমেডি এ ছবিতে বেশ কয়েকজন তারকার সমাবেশ ঘটেছে। তাদের মধ্যে রয়েছে মেক্সিকান অভিনেতা ইউজেনিও ডারভেজ, ওয়েলচ, ক্রিস্টেন বেল প্রমুখের সঙ্গে দেখা যাবে সালমা হায়েক’কে।
 
দুর্দান্ত সুন্দরী মেক্সিকান এই অভিনেত্রী এ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। সালমার বয়স এখন ৫১ চলছে। ‘হাউ টু বি আ লাতিন লাভার’ ছবিতে নিজের বয়সের সঙ্গে মানানসই চরিত্রে হাজির হয়েছেন ‘ডেসপারেডো’ কুইন সালমা।
 
এই পরিণত বয়সেও তার চমত্কার সৌন্দর্য, আকর্ষণীয় ব্যক্তিত্ব, মোহনীয় রূপ সবাইকে আলোড়িত এবং মুগ্ধ করে। হলিউডে ক্যারিয়ার শুরুর পর এরমধ্যে দুই দশকের বেশি সময় পার করেছেন সালমা। মেক্সিকোতে অভিনেত্রী হিসেবে সাড়া জাগিয়ে হলিউডে পা রেখেছিলেন তিনি।
 
মেক্সিকান টেলিভিশন ও সিনেমায় নিজের যোগ্যতা উজ্জ্বল প্রমাণ দিয়েছিলেন। সেই সুবাদে সবাই তাকে হলিউডে নিজের ভাগ্য পরীক্ষার পরামর্শ দিয়েছিল। হলিউডে পা রাখতেই ‘ডেসপারেডো’ ছবির মাধ্যমে বাজিমাত করেছিলেন সালমা।
 
ইত্তেফাক/আনিসুর