ধোলাইখাল থেকে ট্রাকস্ট্যান্ড তুলে দিন

লোহা-লক্কর, ভাঙা গাড়ির ব্যবসা, আলকাতরা ও বিভিন্ন কেমিক্যালের ড্রাম কাটাকাটি এবং পুরনো গাড়ির টায়ার ঘষা-মাজা, গ্যাসের অস্বস্তিকর গন্ধ ইত্যাদিতে যখন পুরনো ঢাকার ধোলাইখাল এলাকা জর্জরিত, তখন  গেণ্ডারিয়ার কাঠেরপুল, মুরগিটোলা-দয়াগঞ্জ পর্যন্ত অবৈধভাবে ট্রাকস্ট্যান্ড গড়ে উঠেছে। এটা গোটা এলাকার যানজট ও অবৈধ বাণিজ্যের আরেকটি অন্যতম কারণ। ধোলাইখালের এই ট্রাকস্ট্যান্ডটি ধীরে ধীরে গেণ্ডারিয়া ও দয়াগঞ্জের রাস্তাঘাট গ্রাস করছে। অথচ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও সূত্রাপুর, গেণ্ডারিয়া এবং ওয়ারি থানা নির্বিকার। রাস্তার ওপর তিন লাইনের ট্রাকের সারি যাত্রাপথে মানুষের দুর্ভোগ বাড়িয়ে তুলছে। তারপর গেণ্ডারিয়া-দয়াগঞ্জের রাস্তার ওপর দিনেদুপুরে লোহা ব্যবসায়ীদের ট্রাক ও ঠেলাগাড়ি থেকে রড ওঠানো-নামানো পথচারী, যানবাহন সবার জন্য ভয়ংকর। তাদের ব্যবসার স্বার্থে ফুটপাত দখল করে রেখেছে। আবাসিক এলাকায় তাদের বিপজ্জনক এই ব্যবসার  লাইসেন্স বাতিল করার দাবি এলাকাবাসীর বহুদিনের। জনস্বার্থে ধোলাইখাল-গেণ্ডারিয়া-দয়াগঞ্জ এলাকার পরিবেশ দূষণমুক্ত করতে ট্রাকের অবৈধ স্ট্যান্ড ও বিপজ্জনক লোহার রড-অ্যাঙ্গেলের দোকান তুলে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করছি।

মাহবুবউদ্দিন চৌধুরী

১৭ ফরিদাবাদ-গেণ্ডারিয়া, ঢাকা ১২০৪