রংপুরের পীরগাছায় রবিবার সন্ধ্যায় এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূরতহাল করে লাশ সোমবার দুপুরে মর্গে পাঠিয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কান্দি ইউনিয়নের দাদন গ্রামের মৃত শামিম মিয়ার কন্যা কুলসুম বেগম(৩২) বাবার বাড়িতে দীর্ঘ দিন ধরে বসবাস করে আসছিল। রবিবার সন্ধ্যায় কুলসুমের শয়ন কক্ষে তার গলাকাটা লাশ দেখতে পায় স্বজনরা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনা স্থল থেকে রক্তাক্ত ধারালো ব্লেডসহ কুলসুমের লাশ উদ্ধার করে। কুলসুম ২ সন্তানের জননী বলে জানা যায়।
এলাকাবাসী জানায়, কুলসুম ধারালো ব্লেড দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছে। এঘটনায় পীরগাছা থানায় একটি মামলা দায়ের হয়েছে। পীরগাছা থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সে ধারালো ব্লেড দিয়ে গলা কেটে আত্মহত্যা করেছে। ময়না তদন্তের রিপোর্টে প্রকৃত ঘটনা জানা যাবে।
ইত্তেফাক/সাব্বির