ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে আর্থিক ও বীমা খাতের প্রতিষ্ঠান

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার সূচক কিছুটা বাড়লেও আগের দিনের চেয়ে লেনদেন কমেছে। দর বৃদ্ধির শীর্ষে ছিল আর্থিক খাতের ও বীমা খাতের প্রতিষ্ঠানগুলো। গতকাল ডিএসইতে মোট ৩৪৯টি কোম্পানির ৯ কোটি ৩ লাখ ৯ হাজার ২৯৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৪১২ কোটি ৫২ লাখ ৫৩ হাজার ১৯৮ টাকা। যা আগের কার্যদিবস থেকে ১১ কোটি টাকা কম। সোমবার লেনদেনের পরিমাণ ছিল ৪২৩ কোটি ৯৮ লাখ টাকা।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, ইউনাইটেড ইন্স্যুরেন্স, ইউনাইটেড ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, ইউনিয়ন ক্যাপিটাল, ফেডারেল ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স, আল-হাজ্বটেক্স, মাইডাস ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স ও প্রাইম ইন্স্যুরেন্স।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫২২ দশমিক ১৭ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৫ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ১৯৭৭ দশমিক ৫৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৩ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে ১২৮১ দশমিক ১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৩টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টি কোম্পানির শেয়ার।

অপরদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৯৩২ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির।