কায়রোতে বন্দুকধারীদের হামলায় ৩ পুলিশ নিহত

মিশরের রাজধানী কায়রোর কাছাকাছি রাস্তায় অজ্ঞাত বন্দুকধারীরা পুলিশের একটি বহরে হামলা চালিয়ে তিন পুলিশকে হত্যা করেছে। বন্দুকধারীদের হামলায় আরো পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানানো হয়েছে।
 
মঙ্গলবার ভোরে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সোমবার রাত পৌনে ১২টার দিকে সশস্ত্র হামলাকারীরা দুটি গাড়িতে করে নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি বহরে হামলা চালায়। বহরটি প্রথম রিং রোড দিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। রিং রোডটি কায়রোকে চারপাশ থেকে ঘিরে রেখেছে। 
 
তবে হামলাকারীদের লক্ষ্য করে পুলিশও পাল্টা গুলি চালায়। এখন পর্যন্ত কোন গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। এএফপি।
 
ইত্তেফাক/সেতু