ইত্তেফাক রিপোর্ট
পুঁজিবাজারের ব্র্যান্ডিং ও সচেতনতা বাড়াতে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ক্যাপিটাল মার্কেট এক্সপো ২০১৯। ওইদিন সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে চিত্রশালা ভবনে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন।
গতকাল দুপুরে রাজধানীর পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অর্থসূচক সম্পাদক জিয়াউর রহমান মেলার সার্বিক অবস্থা তুলে ধরেন। এ সময় অর্থসূচকের ব্যবস্থাপনা সম্পাদক কামরুন নাহার শরমিন উপস্থিত ছিলেন।
জিয়াউর রহমান বলেন, ২০১৫ সাল থেকে অর্থসূচকের উদ্যোগে ক্যাপিটাল মার্কেট এক্সপো অনুষ্ঠিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আগামী বৃহস্পতি, শুক্র ও শনিবার ‘অর্থসূচক ক্যাপিটাল মার্কেট এক্সপো ২০১৯’ অনুষ্ঠিত হবে। তিনি বলেন, আমাদের অর্থনীতির আকার ও প্রবৃদ্ধি বিবেচনায় পুঁজিবাজার অনেক পিছিয়ে আছে। আমাদের জিডিপি ও পুঁজিবাজারের মূলধনের অনুপাত মাত্র ১৭ শতাংশের মতো। অথচ পাশের দেশ ভারতেও প্রায় ৭৭ শতাংশ। মালয়েশিয়া ও হংকং-এ তা ১০০ শতাংশের বেশি।
তিনি আরো বলেন, এক্সপোতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, ব্রোকারহাউজ, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান, তালিকাভুক্ত কোম্পানিসহ বিভিন্ন স্টেকহোল্ডারের স্টল থাকবে। এক্সপোতে পুঁজিবাজারে বিনিয়োগের কলাকৌশল, পুঁজিবাজারে ক্যারিয়ার গড়ার সম্ভাবনা, বিদ্যুত্ খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ, ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল ও পুঁজিবাজার, শিল্পায়নে পুঁজিবাজারের অবদান প্রভৃতি বিষয়ে কয়েকটি সেমিনার অনুষ্ঠিত হবে।
অর্থসূচক সম্পাদক বলেন, ক্যাপিটাল মার্কেট এক্সপো সকাল ১০টা থেকে রাত ৮টা এক্সপোতে প্রবেশের জন্য কোনো টিকিট লাগবে না।