ভাঙ্গায় মুক্তিযোদ্ধা হত্যার চেষ্টাকারীদের বিচার দাবিতে স্মারকলিপি

মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আলহাজ্ব সোহরাব হোসেনকে কুপিয়ে হত্যার চেষ্টাকারীদের বিচারের দাবিতে স্মারক লিপি দিয়েছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। 
 
মঙ্গলবার সকালে উপজেলা নিবার্হী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বাসার। এসময় তার সঙ্গে ছিলেন- উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আমিনুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জাকির হোসেন খসরু, সহকারি কমান্ডার গোলাম মোস্তফা, সাফিনুর রহমান নান্নু প্রমুখ। 
 
মুক্তিযোদ্ধাগন প্রশাসনের প্রতি আবেদন করে বলেন, একজন মুক্তিযোদ্ধাকে হত্যার চেষ্টায় নির্মম ভাবে কুপিয়ে জখমসহ তার বাড়ি ভাংচুর করে মালামাল লুটে নিল জামায়াত-শিবিরের চিহ্নিত সন্ত্রাসীরা। ঘটনার ৪দিন পার হয়ে গেলেও পুলিশ এখনও পর্যন্ত কোন আসামিকে গ্রেফতার করতে পারে নি। মুক্তিযোদ্ধার পরিবার তাদের ভয়ে এলাকা ছাড়া হয়ে বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। জরুরি ভিত্তিতে আসামিদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি করেন তারা। একইসঙ্গে গুরুত্বর আহত মুক্তিযোদ্ধা উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তার পাশে প্রধানমন্ত্রীসহ বিবেকবানদের দাঁড়াতে বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়।
 
উপজেলা নিবার্হী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) প্রণব কুমার ঘোষ ও উপজেলা চেয়ারম্যান স্মারক লিপি গ্রহণের পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আসামি করে গ্রেফতারের জন্য আরও আন্তরিক হতে বলেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আব্দুল্লাহ জানায়, দ্রুত সময়ের মধ্যে আসামিদের আটক করা হবে।
 
উল্লেখ্য, উপজেলার আলগী ইউনিয়নের চান্দ্রা গ্রামে শনিবার বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর আলহাজ্ব সোহবার হোসেনকে হত্যার চেষ্টায় কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। একই সঙ্গে তার বাড়ির ৩টি ঘর ভাংচুর করে দামী মালামাল লুটে নেওয়ার অভিযোগ উঠেছে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় জনতা আহত মুক্তিযোদ্ধাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়।
 
ইত্তেফাক/পাভেল