দক্ষিণ কোরিয়ায় স্থাপিত মার্কিন থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। মার্কিন বাহিনীর এক মুখপাত্র জানান, এখন থেকে উত্তর কোরিয়ার যেকোনো ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে দিয়ে এটি দক্ষিণ কোরিয়াকে সর্বাত্মক নিরাপত্তা দেবে। মার্কিন সেনাবাহিনীর এই বিবৃতির পরই প্রতিক্রিয়া দেখিয়েছে চীন। এই বিতর্কিত প্রতিরক্ষা ব্যবস্থা অবিলম্বে প্রত্যাহার করে নেয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি।
মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনের অংশ হিসেবে চায়নার পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র গেঙ শুয়াঙ বলেন, চায়নার অবস্থান খুবই স্পষ্ট ও নিশ্চিত। দক্ষিণ কোরিয়ায় থাড সিস্টেম স্থাপনের বিরোধিতা করছি আমরা এবং খুব দ্রুত এটা বন্ধ করে দেয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের স্বার্থতে সমুন্নত রাখতে আমার যা কিছু প্রয়োজনীয় তার সব ধরনের পদক্ষেপই গ্রহণ করব।
মার্কিন কর্মকর্তারা সাংবাদিকদের বলেছেন, এই থাড ব্যবস্থাটি পুরোপুরি কর্মক্ষম হতে আরো কয়েক মাস লেগে যেতে পারে।
উল্লেখ্য, কোরীয় উপসাগরের মার্কিন রণতরী ও সাবমেরিন মোতায়েনের পর এগুলোকে ক্ষেপণাস্ত্র হামলায় ডুবিয়ে দেয়ার পুনঃপুন হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। এছাড়া গত সপ্তাহেই পিয়ংইয়ংয়ের ফের ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে এ অঞ্চলে কার্যত যুদ্ধাবস্থা পরিস্থিতি বিরাজ করছে। এছাড়া সোমবার দক্ষিণ কোরিয়ার বিমানবাহিনীর সঙ্গে যৌথ এক সামরিক মহড়ায় দুটি মার্কিন বোমারু বিমানের অংশ নেয়াকে রুটিন অপারেশন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
এর আগে, দক্ষিণ কোরিয়ায় স্থাপিত অত্যাধুনিক মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’ কয়েকদিনের মধ্যেই চালু হবে বলে জানিয়েছিলো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। তারা বলেছে, উত্তর কোরিয়ার যেকোনো আক্রমণ থেকে দক্ষিণ কোরিয়া ও সেখানে অবস্থানরত মার্কিন সেনাদের রক্ষার জন্য বিশেষভাবে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটি তৈরি এবং স্থাপন করা হয়েছে।
গত বুধবার সকালে সামরিক যানে করে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের আড়াই শ কিলোমিটার দক্ষিণের একটি গলফ কোর্সে নিয়ে যাওয়া হয় থাডের প্রয়োজনীয় সরঞ্জাম। পরে সেখানেই স্থাপন করা হয় এই প্রতিরক্ষাব্যবস্থা। থাড হচ্ছে টিএইচএএডি বা ‘টার্মিনাল হাই-অলটিচিউড এরিয়া ডিফেন্স’ কথাটির সংক্ষেপ। শত্রু ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করার একটি ব্যবস্থা এটি। তবে এটিকে এ বছরের শেষের আগে ব্যবহার করা হবে না বলে ধারণা করা হচ্ছে।
দক্ষিণ কোরিয়ায় থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সরঞ্জাম পরিবহণকালে স্থানীয় কয়েকশ বাসিন্দা বিক্ষোভ করেন। টাইমস অব ইন্ডিয়া।
ইত্তেফাক/রেজা