ব্লগার হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী আশফাক ৫দিনের রিমান্ডে

ব্লগার হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ও নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি) এর সামরিক শাখার আইটি প্রধান গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতের নাম আশফাক-উর-রহমান ওরফে অয়ন ওরফে আরিফ ওরফে অনিক। তিনি পলাতক জঙ্গি নেতা মেজর (বরখাস্ত) জিয়াউল হক জিয়ার ঘনিষ্ট সহযোগী ও আইটি বিশেষজ্ঞ। সোমবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট রাজধানীর ভাটারা নর্দ্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ মঙ্গলবার তাকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে।
 
রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটি) ইউনিটের প্রধান  মনিরুল ইসলাম । 
 
তিনি বলেন, জিয়াউলের সঙ্গে আশফাকুরের দুইমাস আগে যোগাযোগ হয়েছে। এর আগে তার সঙ্গে সরাসরি কথা হয়েছে বলে জানিয়েছে তিনি। তবে এই মুহূর্তে জিয়া কোথায় আছে তা তিনি বলতে পারেননি। ঢাকার বাইরে কোনো এক জায়গায় জিয়ার সঙ্গে যোগাযোগ হয়েছে তা তিনি বলেছেন। এ ব্যাপারে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 
 
অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, আশফাক ২০১৪ সালে শাহজালাল বিজ্ঞান ও  প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স বিভাগে অধ্যয়নের সময় আনসারুল্লাহ বাংলা টিমে যোগ দেন। ২০১৫ সালে তিনি সামরিক বিভাগে যোগ দেন। এ সময় তিনি জিয়ার পরামর্শে উত্তরায় ও পল্লবীর কালাপানি এলাকায় ব্লগার হত্যা সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণে অংশ নেন। এরপর তিনি সামরিক বিভাগের আইটি শাখার প্রধান হিসেবে কাজ শুরু করেন।
 
তিনি বলেন, এছাড়াও জিয়ার সরাসরি তত্ত্বাবধানে ‘দাওয়া ইল্লাল্লাহ’ ওয়েব পেজে ধর্মীয় উগ্রবাদ বক্তব্য সংবলিত বিভিন্ন আর্টিকেল আশফাক নিয়মিতভাবে আপলোড করতেন। আর ফেসবুক আইডি হ্যাক করে বিভিন্ন ব্লগারের তথ্য সংগ্রহ করে তাদের টার্গেট করতেন তিনি। এরপর তাদের মেরে ফেলার পরিকল্পনা করতেন।
 
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, জিয়া ঢাকায় আছে নাকি ঢাকার বাইরে আছে, নাকি দেশের বাইরে আছে তা এখনো জানা যায়নি। তবে জিয়াকে ধরিয়ে দিলে যে অর্থ পুরস্কার ঘোষণা ছিল তা এখনো বলবৎ আছে। আশফাক সোমবার সিলেট থেকে ঢাকায় আসে। আগে থেকেই গোয়েন্দা তথ্য ছিল তিনি ঢাকায় আসবেন। এরপর ভাটারা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় মুসলিমদের রক্তের পবিত্রতা, স্পেন বিজয়ে তারিক বিন জিয়াদের বক্তব্য, আমেরিকার জুলুমসহ ধর্মীয় উগ্রবাদে উদ্বুদ্ধকরণ সম্পর্কিত বিভিন্ন বই। 
 
ইত্তেফাক/পাভেল