গণমাধ্যমের ওপর ক্রমাগত চাপ বাড়ছে: টিআইবি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, গণতান্ত্রিক অগ্রযাত্রায় গণমাধ্যম বড় ভূমিকা রেখেছে। নানা প্রতিকূলতা সত্ত্বেও গণমাধ্যম এগিয়ে যাচ্ছে। 
 
তবে গণমাধ্যমের ওপর ক্রমাগত চাপ বাড়ছে। স্বাধীন, বস্তুনিষ্ঠ গণমাধ্যমের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা দরকার। মঙ্গলবার টিআইবি’র ধানমন্ডিস্থ কার্যালয়ে আয়োজিত ‘এসডিজি-১৬ ও সুশাসন:সরকার, গণমাধ্যম ও জনগণ’ শীর্ষক এক সংলাপে তিনি কথা বলেন।
 
তিনি আরো বলেন, এসডিজি অবহিতকরণ থেকে বাস্তবায়ন পর্যন্ত সকল পর্যায়ে সরকার ও জনগণের পাশাপাশি গণমাধ্যমের বিস্তৃত ভূমিকা রয়েছে যা সামগ্রিকভাবে লক্ষ্যসমূহ অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সামাজিক, রাজনৈতিক ও পেশাজনিত চাপ, হুমকি, অসহযোগিতা, বাধা-বিপত্তি, স্বআরোপিত সেন্সরশিপ ইত্যাদি মোকাবেলা করে গণমাধ্যম কর্মীদের এগিয়ে যেতে হবে।
 
বিশ্ব গণমাধ্যম দিবস ২০১৭ উপলক্ষে টিআইবি আয়োজিত সংলাপে সভাপতিত্ব করেন টিআইবি ট্রাস্টি বোর্ডের সদস্য ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এ টি এম শামসুল হুদা। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতি মূলত নির্বাচন কেন্দ্রিক। একবার কোনো দল ক্ষমতায় আসলে তারা এসব প্রতিষ্ঠানকে দুর্বল করতে পদক্ষেপ নেয়। 
 
ইফতেখারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে নির্ধারিত আলোচক হিসেবে অংশ নেন গণমাধ্যম বিশ্লেষক মুহাম্মদ জাহাঙ্গীর এবং সাংবাদিক, গবেষক ও গণমাধ্যম বিশ্লেষক আফসান চৌধুরী। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন টিআইবি’র উপ-নির্বাহী পরিচালক ড. সুমাইয়া খায়ের। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও গণমাধ্যম বিষয়ক বিশ্লেষকরা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/সাব্বির