নেত্রকোনা জেলার খালিয়াজুরী সদর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়ম হয়েছে বলে মঙ্গলবার স্থানীয় ইউএনও'র মাধ্যমে জেলা প্রশাসক বরাবর দু'শতাধিক স্বাক্ষরের লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
অনিয়ম সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার লক্ষ্যে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল শেষ করে মঙ্গলবার বিকেলে খালিয়াজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিহারেন্দু দেব রায়ের নেতৃত্বে ওই অভিযোগে বলা হয়েছে, 'গত সোমবার নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলা সদরের সরকারী খাদ্যগুদাম চত্বর থেকে খালিয়াজুরী সদর ইউনিয়নের ১৬শ' ৭৫ পরিবারের মাঝে ভিজিএফের চাল ও টাকা বিতরণ করা হয়েছে। এ চাল ও টাকা বিতরণের সময় সহস্রাধিক পরিবারের মাঝে ৩৮কেজি করে চাল দেওয়ার নিয়ম না মেনে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ছানোয়ারুজ্জামান জোসেফ উপস্থিত থেকে বালতি দিয়ে মেপে প্রতি পরিবারকে ৬থেকে ৭কেজি করে চাল কম দিয়েছে।'
এ প্রসঙ্গে চেয়ারম্যান ছানোয়ারুজ্জামান জোসেফ জানান, খাদ্যগুদাম থেকে উত্তোলনের সময় ওজনে চাল কম দেয়া হয়েছে তাই ভুক্তভোগীরা কিছুটা কম পেলে পেতেও পারে।
খাদ্য পরিদর্শক ইলিয়াস কাঞ্চন জানান, গুদাম থেকে চাল কম দেয়া হয়নি। যথাযথ ভাবেই চাল বুঝিয়ে দেয়া হয়েছে। এদিকে, বিতরণের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম এব্যাপারে কোন কথাই বলেননি।
অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফায়েল আহমেদ জানান, অভিযোগ পত্রটি খুব দ্রুত তিনি জেলা প্রশাসক বরাবর পাঠাবেন।