মধুখালীতে অস্ত্রসহ ৫ ব্যক্তি আটক

ফরিদপুরের মধুখালীতে ডাকাত সন্দেহে অস্ত্রসহ পাঁচ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত রবিবার দিবাগত রাত দেড়টা থেকে সোমবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত মধুখালীর রায়পুর ইউনিয়নের চাঁনপুর ও একই উপজেলার জাহাপুরের ইউনিয়নের চর মোড়ারদিয়া এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিদের আটক করা হয়। 
 
আটকরা হলেন- ফরিদপুরের নগরকান্দা উপজেলা লস্করদিয়া গ্রামের মো. নিজামউদ্দিন (৩০) ও শহিদ মাতুব্বর (৪০), একই উপজেলার চর ছাগলদী গ্রামের হাবিবুল্লাহ শেখ (৩৪), বোয়ালমারী উপজেলার শিবপুর গ্রামের মনিরুল সিকদার (৩৮) ও একই উপজেলার ছোলনা গ্রামের মনিরুল ইসলাম (৩৫)।
 
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান ফরিদপুরের পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা।
 
প্রেসব্রিফিংয়ে জানানো হয়, রবিবার দিবাগত রাত ১টার দিকে মধুখালী উপজেলার জাহাপুর বাজারের ব্যবসায়ী সাহেব আলী মল্লিকের দোকানে ডাকাতি হয়। ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে ৫০ হাজার ৪৪০ টাকা ছিনিয়ে নেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই পাঁচ ব্যক্তিকে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান, একটি রামদা, দুইটি ছেনদা, তিনটি ককটেলসহ আটক করে। তাদের কাছ থেকে ডাকাতি করে নেওয়া ১১ হাজার ৩১২টাকা ও তিনটি মুঠো ফোনসেট উদ্ধার করা হয়।
 
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, তাদের বিরুদ্ধে মধুখালী থানায় ডাকাতি, অস্ত্র, বিস্ফোরক আইনে তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাদের প্রত্যেকের ১০দিন করে রিমান্ডের আবেদন জানিয়ে জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়েছে।