চট্টগ্রাম মহানগর রেলওয়ে স্টেশনসংলগ্ন বরিশাল বস্তিতে মাটির নিচে লুকিয়ে রাখা ১১ বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার ভোরে মাদকবিরোধী ব্লক রেইডের মাধ্যমে এই ফেনসিডিল উদ্ধার করা হয়।
সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) মো. আনোয়ার হোসেন জানান, ভোর চারটা থেকে আটটা পর্যন্ত এই অভিযান চলে। তিনি জানান, মাটির নিচে গর্তের ভেতরে ২৩০৬ বোতল ফেনসিডিল ১১টি বস্তায় রাখা ছিল। এ ঘটনায় কেউ আটক হয় নি। তবে কোতয়ালী থানায় মামলা হয়েছে।
IMG0
চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার এসএম মোস্তাইন হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সিন্ডিকেট বা গডফাদাররা এর সঙ্গে জড়িত। আগে থেকেই মাদক বিক্রির আস্তানা হিসেবে চট্টগ্রামের বরিশাল বস্তিটি ব্যবহৃত হয়ে আসছে। সাঁড়শি অভিযান চালিয়েও নিমূল করা যায় নি।
ইত্তেফাক/কেকে/পাভেল