ফিরলেন অ্যান্ডি মারে

ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে কোমরে অস্ত্রোপচারের দুই মাস পর প্রথমবারের মতো টেনিস কোর্টে ফিরেছেন। জানুয়ারিতে অজি ওপেন শেষে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। কোমরে ব্যথার কারণে গেল বছর বেশ ভুগছিলেন তিনটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই ব্রিটিশ। বছর শুরুর অস্ট্রেলিয়ান ওপেনের আগে তাই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন ৩১ বছর বয়সী এই টেনিস তারকা। জানান এই অস্ত্রোপচার তাকে চোট থেকে মুক্তি দিলেও টেনিস কোর্টে আর নাও ফিরতে পারেন তিনি। তবে সে আশঙ্কা উড়িয়ে দিয়েই মাঠে ফিরলেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে দুইবারের উইম্বলডন জয়ী তারকা নিজের হালকা অনুশীলনের একটি ভিডিওচিত্র প্রকাশ করে লেখেন, ‘এটা কেবল শুরু’। মার্চে অস্ত্রোপচারটির পর মারে জানিয়েছিলেন, ব্যথামুক্ত হলেও এ বছর উইম্বলডন দিয়ে তার মাঠে ফেরার সম্ভাবনা পঞ্চাশ শতাংশেরও কম।