ফ্রান্সে নির্বাচনী বিতর্কে ম্যাক্রন ও লি পেন

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রার্থী ইমানুয়েল ম্যাক্রন ও মেরিনা লি পেন বুধবার টেলিভিশন বিতর্কে অংশ নিচ্ছেন। তবে এটি অনেক তিক্ত ও উত্তেজনাপূর্ণ হবে বলে ধারণা করা হচ্ছে। দেশটিতে এ সপ্তাহান্তে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 
 
দেশটির চূড়ান্ত দফার এ প্রেসিডেন্ট নির্বাচনে ৩৯ বছর বয়সী সাবেক অর্থমন্ত্রী ম্যাক্রন এবং ৪৮ বছর বয়সী ন্যাশনাল ফ্রন্ট পার্টির নেতা লি পেনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এক্ষেত্রে ম্যাক্রন হচ্ছেন ইউরোপীয় ইউনিয়নপন্থী ও লি পেন হচ্ছেন কট্টর ডানপন্থী নেতা।
 
এই প্রথমবারের মতো সরাসরি বিতর্কে তারা ইউরোপ, অভিবাসন, অর্থনীতি ও ফরাসি নাগরিকদের মর্যাদার ব্যাপারে তাদের তীব্র মতপার্থক্যের বিষয়টি তুলে ধরবেন। নির্বাচনের জরিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেলেও ম্যাক্রন সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন।
 
এ দুই প্রার্থীর মধ্যে বিতর্ক শুরুর আগে নাম প্রকাশ না করার শর্তে ম্যাক্রনের এক সহকারী বার্তা সংস্থা- এএফপিকে বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে কাঁদা ছোড়াছুড়ি এড়িয়ে চলা।’
 
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত ফ্রান্সের প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচনে ম্যাক্রন ২৩.৫৪ শতাংশ ভোট পেয়ে প্রথম স্থানে এবং লি পেন ২২.৩ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। এএফপি।
 
ইত্তেফাক/সেতু