দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ এক অভূতপূর্ব সাফল্য পেয়েছে: খন্দকার মোশাররফ

 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশ দারিদ্র্য নিরসনে এক অভূতপূর্ব সাফল্য পেয়েছে। দারিদ্র বিমোচনে বাংলাদেশের গৃহীত একটি বাড়ি একটি খামার প্রকল্পের আলোকে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশসমূহ ও মডেল প্রকল্প গ্রহণ করতে পারে। এছাড়া দারিদ্র বিমোচনে কুমিল্লা মডেলকে অনুসরণ করা যেতে পারে।
 
বুধবার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কুমিল্লায় সেন্টার অন ইন্ট্রিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া এন্ড দ্যা প্যাসিফিক (সিরডাপ) ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সিরডাপভূক্ত ১৫টি দেশের পল্লী উন্নয়নসংক্রান্ত নীতি নির্ধারণী পর্যায়ের সরকারি কর্মকর্তাগণের অংশগ্রহণে আয়োজিত সিরডাপের চার দিনব্যাপী টেকনিক্যাল কমিটির ৩২তম সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
মন্ত্রী আরো বলেন, সিরডাপ একটি আন্তঃসরকার সহযোগিতা প্রতিষ্ঠান। যা গ্রামীণ উন্নয়ন ও দারিদ্র বিমোচনে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলসমূহে একসাথে কাজ করছে। এ সংস্থাটিকে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থাসহ (এফএও) জাতিসংঘের অন্যান্য সংস্থা ও দাতা সংস্থাসমূহ সবসময় সাহায্য ও সহযোগিতা করে আসছে। ২০০০ সালে জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) ধারাবাহিকতায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও এ অঞ্চলের সহযোগি দেশসমূহ একসাথে কাজ করবে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এ অঞ্চলের দেশসমূহ দারিদ্র বিমোচনে জোরালো ভূমিকা রাখতে পারে।
 

বার্ড-কুমিল্লার মহাপরিচালক (ডিজি) মুহম্মদ মউদুদউর রশীদ সফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব আনন্দ চন্দ্র বিশ্বাস, সিরডাপের মহাপরিচালক টেভিটা গেডরুলেভো বোসেইওয়াকা টেগিনাভোলাও, মালয়েশিয়ার গ্রামীণ ও আঞ্চলিক উন্নয়ন মন্ত্রণালয়ের পরিচালক আজিজা বিনতে আহমেদ প্রমুখ।