জলবায়ু চুক্তি থেকে সরে না যেতে ট্রাম্পের প্রতি ফিজির আহবান

বিশ্বব্যাপী কার্বন নির্গমন হ্রাসে জাতিসংঘের আলোচনায় নেতৃত্ব দিতে যাওয়া প্রশান্ত মহাসাগরীয় ছোট্ট দেশ ফিজি বুধবার প্যারিসের জলবায়ু চুক্তি থেকে সরে না আসার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহবান জানিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী ভর্জ বাইনিমারামা বলেন, আমাদের সময়ের সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করছি। আর এ অবস্থায় বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্ব প্রয়োজন। 
 
বাইনিমারামা বলেন, ট্রাম্পকে প্যারিস চুক্তি বিষয়ে তার দেশের প্রতিশ্রুতির প্রতি সম্মান দেখানো উচিত। উল্লেখ্য, বাইনিমারামা চলতি বছরের শেষের দিকে জাতিসংঘের কপ-২৩ সম্মেলনে সভাপতির দায়িত্ব পালন করবেন। ফিজির প্রধানমন্ত্রী বুধবার তার কার্যালয়ের এক বিবৃতিতে আরো বলেন, মাঠ ছেড়ে নয়, বরং থেকে আমরা আমাদের সর্বোচ্চ কর্মদক্ষতা দেখাতে পারি। 
 
বাইনিমারামা বলেন, জলবায়ু পরিবর্তনের বাস্তবতা নিয়ে প্রশ্ন তোলার সময় চলে গেছে এবং এ বিষয়ে সর্বোচ্চ বৈজ্ঞানিক ধারণা এখন স্পষ্ট। তিনি বলেন ‘মানুষের তৈরি জলবায়ু পরিবর্তন শুধুমাত্র একটি ঝুঁকি নয়, বরং ভয়ঙ্কর বাস্তবতা।’ ২০১৫ সালে কপ-২১ হিসেবে পরিচিত প্যারিস চুক্তির খসড়া অনুমোদনে ১৯০ টিরও বেশী দেশ এতে স্বাক্ষর করে। এএফপি।
 
ইত্তেফাক/সাব্বির