পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা গ্রামে নানার বাড়িতে ঝড়ে পড়া লিচু খেয়ে বিষক্রিয়ায় পাখি দাস (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার সকালে পাখির মৃত্যু হয়। সে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার খুকনী গ্রামের সাধন দাসের মেয়ে।
পাখি কয়েকদিন আগে গুনাইগাছা গ্রামে নানা সমীর কুমার দে'র বাড়িতে বেড়াতে আসে। গত মঙ্গলবার সকালে পাখি ঝড়ে পড়া লিচু খায়। এক পর্যায়ে পেটের ব্যথা শুরু হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে বুধবার সকালে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানান, বিষক্রিয়ায় পাখির মৃত্যু হয়েছে।
ইত্তেফাক/জামান